https://www.a1news24.com
,

যারা আমাদের ভয় বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া নিজের পৈতৃক বাড়ি দেখার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, ‘এ সমস্ত ঘটনা ঘটিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।’

আজ বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম। এ সময় তাঁর পাশে বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য (এমপি) এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।

নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা। ঘটনার পর রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন। সকালে পোড়া বাড়ি দেখার পর সেখানেই সংবাদ সম্মেলন করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, ‘এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে। তাদের আমরা বলতে চাই, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।’

এনসিপির এই নেত্রী বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশকিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশকিছু হুমকি এসেছে। বিশেষ করে গতকাল আমার বাড়িতে যখন হামলা হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়; অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়।’

সংরক্ষিত নারী আসনের এই এমপি আরও বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না। তারপর মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। ব্লাস্টের ধরণ–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে, এটি পেট্রোলবোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্তসাপেক্ষ। এ জন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রোলবোমা হামলার মতো।’

নুসরাত তাবাসসুম বলেন, তিনি খবর দেওয়ার পর পুলিশ আসে। তারা সাধ্যমতো পাহারা দিয়েছে। যদিও প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলামত সংগ্রহ করতে পারেনি। আবার দৌলতপুরে উপজেলায় কোনো দমকল (ফায়ার সার্ভিস) না থাকায় তারা আসতে আসতে বাড়ির মোটামুটি সবই পুড়ে গেছে।

সংবাদ সম্মেলনে এনসিপির এই নেত্রী বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম চ্যানেলে প্রচার করা হচ্ছে যে, বাড়িটা নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি; আমার ছোট ভাই বড় হয়েছে; আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।’

নুসরাত আরও বলেন, বাড়িটিতে বর্তমানে গবাদি পশুর খামার ছিল। আত্মীয়স্বজন ছিল, সেই অসহায় পরিবারটি ছিল—যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। অনেকগুলো গবাদি পশু মারা গেয়েছে। বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয় লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন না নুসরাত তাবাসসুম। সংরক্ষিত নারী আসনের এই এমপি বলেন, এটা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কাজ বলে তিনি মনে করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ‘ঢিলা’ বলেও উল্লেখ করে নুসরাত তাবাসসুম। পেট্রলবোমা হামলা করে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দৌলতপুর থানায় তিনি মামলা করবেন বলেও জানান।

আরো..