https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১০

মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে অবস্থিত জলবায়ু সহনশীল কেন্দ্রে যুব উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি ফেইজ-২ (ক্লাইমেট চেঞ্জ প্রকল্প)-এর উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে বুধবার (২৪ জুন) বেলা ১১টায় পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবুল কালাম আজাদ এবং দৈনিক সমকাল-এর মোরেলগঞ্জ প্রতিনিধি ফজলুল হক খোকন।

প্রশিক্ষণে সন্ন্যাসী ও পশরবুনিয়া গ্রামের ২০ জন তরুণ ও তরুণী উদ্যোক্তাকে পরিবেশবান্ধব কাগজের কলম ও ব্যাগ তৈরি, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল সিহাব ও মানিক হোসেন পলাশ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো..