অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ জেলার কচাকাটা থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারীর অপমৃত্যু হয়েছে। ১৪ আগষ্ট’২৫ বৃহস্পতিবার রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বক্কর বলদিয়া ইউনিয়নে পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের পুত্র বলে জানা গেছে ।
স্থানীয়রা সূত্র জানায়, আবু বক্কর কাজ শেষে বাড়ির ফিরছিলেন। এসময় সাধুর মোড় এলাকায় পৌঁছলে কচাকাটার দিক থেকে ভূরুঙ্গামারীর গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বক্কর মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখানে চিকিৎসার শুরুতেই বক্কর মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আবু বক্কর নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসা শুরু করার মুহুর্তে ওই ব্যক্তি মারা যায়। তার মাথায় আঘাত ছিল ও প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
কচাকাটা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।