https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ হত্যায় হাবিবসহ তিন আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।এদিন বেলা ১১টা ৫০ মিনিটে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার রায় ঘোষণা উপলক্ষে গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন: শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

আর পলাতক আসামিরা হলেন: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এ মামলায় গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে প্রসিকিউশন-আসামিপক্ষের শুনানি শেষে গত বছরের ১৪ জুলাই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১১ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ। ২৩ কার্যদিবসে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন-আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে ২৪ ডিসেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তবে ২০ জানুয়ারি তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জব্দ তালিকা হিসেবে ১৯টি ভিডিও, পত্রিকার ১১টি প্রতিবেদন, দুটি অডিও, বই ও ১১টি প্রতিবেদন, ছয়টি মৃত্যুসনদ সংযুক্ত করে জমা দিয়েছে প্রসিকিউশন।

এদিকে, যুক্তিতর্কে আট আসামিরই সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ সঠিক নয় দাবি করে তাদের বেকসুর খালাস চেয়েছে আসামিপক্ষ। তবে ট্রাইব্যুনালের রায়ে নির্ধারণ হবে এই আট পুলিশের ভাগ্য।

২০২৪ সালের ৫ আগস্টের এ ঘটনায় শহীদ হয়েছেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনাল-১ এ ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আরো..