https://www.a1news24.com
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০

মস্কোর কাছে রুশ সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত, প্রাণহানি ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভো জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের উড়োজাহাজগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহার করা হয়।

বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে (টেস্ট ফ্লাইট) উড়ানো হয়েছিল। এ সময় বিমানটিতে পাইলটসহ ৭ জন যাত্রী ছিলেন। সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পর বিমানটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে। রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “উড়োজাহাজটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই।” একই সঙ্গে মন্ত্রণালয় জানায়, বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

সূত্র: তাস

আরো..