স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজকের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল সেমিফাইনালের প্রতিপক্ষ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভুটানকে পেত বাংলাদেশ অনূর্ধ-২০ দল।
তবে মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা। ১-১ ব্যবধানে ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করায় শেষ চারে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেপালকে।গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনালে প্রতিপক্ষ ভুটান।
ম্যাচের শুরুতে অবশ্য হারের শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের। এলোমেলো ফুটবলে বলের নিয়ন্ত্রণ তেমন রাখতে পারেনি তারা। সেই সুযোগে একাধিকবার আক্রমণ চালিয়েছে ভারত। ১৭তম মিনিটে সফলতাও পেয়ে যায় তারা। কর্নার থেকে গোল করেন বিশাল ইয়াদাভ।
প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় বাংলাদেশ। অতিরিক্ত আট মিনিটের একেবারে শেষ সময়ে আগের ম্যাচের নায়ক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের কর্নার থেকে দুর্দান্ত এক গোল করেন আবদুল রিয়াদ ফাহিম। দৌড়ে এসে উড়ন্ত অবস্থায় আবদুলের নেওয়া হেডে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দুই দলই গোলের চেষ্টা করলেও সফল হয়নি কেউই। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল।