সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে পাকিস্তানের বড় ব্যবধানে হারের ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে ভারত ৩-০ গোলে হারায় পাকিস্তানকে, ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সেমির পথে এগিয়ে ছিল বাংলাদেশ। গ্রুপের সমীকরণ অনুযায়ী, ভারতের বিপক্ষে পাকিস্তান জয় না পেলেই বাংলাদেশের শেষ চারে ওঠা নিশ্চিত হওয়ার কথা ছিল সেটিই বাস্তবে পরিণত হয়েছে।
মালদ্বীপে অনুষ্ঠিত এই আসরে এখন গ্রুপের শেষ ম্যাচে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠবে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। ফলে গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকে জিততেই হবে। ড্র হলে শীর্ষস্থান ধরে রাখবে ভারত।
টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল, আর ফাইনাল ম্যাচটি হবে ৩ এপ্রিল।