https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড বিশ্বকাপ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচ। মঙ্গলবার বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র ১০ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা।

দিনের শুরু থেকেই দফায় দফায় বৃষ্টি হওয়ায় টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর। টস জিতে বাংলাদেশ ম্যাচটি ৪৭ ওভারে সীমিত করে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা ভালোই করে টাইগার যুবারা। ম্যাচের চতুর্থ বলে আল ফাহাদের ওপর ছক্কা হাঁকান কিউই ওপেনার হুগো বোগ। তবে পরের ওভারেই ইকবাল হোসেন কিউই ওপেনারের স্টাম্প ভেঙে দিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে।

এরপর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ওপেনার আরিয়ান মান ৩টি চারের সাহায্যে ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা অধিনায়ক টম জোন্স একটি ছক্কায় ১৮ বলে করেন ১৬ রান। ১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫১ রান।

দশম ওভারের পর আবার বৃষ্টি নামলে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়।

ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জিল্যান্ড, আর চার পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

আরো..