বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর উদ্যোগে সিলেটে শোভাযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর সাগর দীঘিরপাড়স্থ ওয়াকওয়েতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন পূর্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে বিভিন্ন ফটোগ্রাফারদের ধারণকৃত প্রদর্শনীতে স্থান পাওয়া আলোতচিত্র পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এ সময় তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আলোকচিত্রের মাধ্যমে সিলেটের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জগলুল হায়াত, মো. আব্দুল মুনায়েম, ডা. শাহ জামান চৌধুরী বাহার, আতাউর রহমান আতা, নিরঞ্জন দে জাদু এবং সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আ.ন.ম. জিয়া, সহসভাপতি রায়হান চৌধুরী বিপুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়েল আহমদ, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশ্ব আলোকচিত্র দিবসকে সামনে রেখে আলোকচিত্রশিল্পীদের সৃজনশীলতা তুলে ধরা এবং সাধারণ মানুষের কাছে আলোকচিত্র শিল্পকে আরও পরিচিত করে তুলতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে সোসাইটির সদস্যদের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোকচিত্র স্থান পেয়েছে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে আলোকচিত্রপ্রেমী ও দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রদশর্নী চলবে শুক্রবার পর্যন্ত।