সালেহ আহমদ (স’লিপক):সিলেটের বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতাল চালু এবং একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃটেনের পূর্ব লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মেটারনিটি হাসপাতালের ফাউন্ডার লাইফ মেম্বাররা অংশগ্রহণ করেন।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনে সংস্থার কার্যালয়ে মুসলিম হেল্প ও মেটারনিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুছ ছোবহান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মুসলিম হেল্পের ট্রাস্টি ও কো-অর্ডিনেটর আখলাকুর রহমান পান্না।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডার লাইফ মেম্বার, জজ ও ব্যারিস্টার বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি ও ফাউন্ডার লাইফ মেম্বার গুলজার খান, সাংবাদিক রহমত আলী এবং ফাউন্ডার লাইফ মেম্বার ও অনুপম সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী।
এছাড়াও ব্যবসায়ী হাবিবুর রহমান, মুহাম্মদ রুহানি, সৈয়দ রফিকুল হক, তাজ উদ্দিন, আবুল কাশেম, আশরাফুল হুদা বাবুল, সালেহ আহমেদ, মুহাম্মদ আলী, জান্নাতুল ইসলাম বাবুল, হুসাইন আহমেদ, আব্দুল আহাদ, সাংবাদিক ওলিউর রহমান, মাসুম আহমেদ চৌধুরী, ফজলে আহমেদ চৌধুরী, মাশুক মিয়া প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জজ ও ব্যারিস্টার বেলায়েত হোসাইন তার বক্তব্যে বলেন, মেটারনিটি হাসপাতালের সঙ্গে একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা গেলে বিশ্বনাথসহ বৃহত্তর সিলেট অঞ্চলের মেয়েরা দক্ষ হয়ে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, প্রতিটি পৌরসভায় অন্তত একটি করে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বিশেষ অতিথি সাংবাদিক রহমত আলী মুসলিম হেল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি হাসপাতাল এবং নার্সিং প্রজেক্টে সহযোগিতা প্রদানের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুপম সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী বলেন, নার্সিং পেশা সামাজিকভাবে সম্মানজনক। এই পেশায় যুক্ত হয়ে নারীরা শুধু নিজের উন্নয়নই নয়, সমাজের স্বাস্থ্যসেবার মান উন্নত করতেও অবদান রাখেন।
বিশ্বনাথ এডুকেশন টাষ্ট্রের সেক্রেটারি ও সংস্থার ফাউন্ডার লাইফ মেম্বার গুলজার আহমদ হাসপাতাল এবং নার্সিং প্রজেক্টে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আব্দুছ ছোবহান জানান, দ্রুত সময়ের মধ্যে মেটারনিটি হাসপাতালের প্রাথমিক কার্যক্রম চালু করা হবে। দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করে অসহায় মা-বোনদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটির দানশীল ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জানানো হয়, মেটারনিটি হাসপাতালের দুইতলা পর্যন্ত নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আগামী জানুয়ারি মাসে হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে হাসপাতালের পাশাপাশি একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সহ দেশ-বিদেশে অবস্থানরত সবার সুস্বাস্থ্য ও কল্যাভ কামনা করে দোয়া পরিচালনা করেন টিভি উপস্থাপক মাওলানা সাঈদ আলী।