জাহিনুর ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: বিরামপুর উপজেলার নয়ানী খোশালপুর পাকা রাস্তার পাশ থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে। নিহত বাবুল হোসেন (৬০) উপজেলার বেগমপুর গ্রামের কছির উদ্দিন ম-লের ছেলে।
জানা গেছে, বাবুল হোসেন অটোরিক্সা নিয়ে বুধবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেন নাই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ধান রোপন করার উদ্দেশ্যে কৃষি শ্রমিকরা নয়ানী খোশালপুর পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা বাবুল হোসেনের অটোরিক্সা ভাড়া করে যাত্রী বেশে জঙ্গলাপূর্ণ ঐ এলাকায় নিয়ে যায়। রাতের কোন এক সময় দূর্বৃত্তরা বাবুল হোসেনকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।