https://www.a1news24.com
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০

বাগেরহাট প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী, সাংবাদিকদের জন্য আধুনিক ভবন নির্মাণের আশ্বাস

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি বাগেরহাট প্রেসক্লাব পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে পৌঁছালে স্থানীয় সাংবাদিক ও সুধীজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তন, নামাজের স্থান,আইটি রুমসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ক্লাবের সার্বিক অবকাঠামোগত খোঁজখবর নেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে প্রেসক্লাবকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,এমপি বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকমানুষের উন্নয়নচিত্র তুলে ধরতে বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকদের কাজের পরিবেশ আরও আধুনিক ও সমৃদ্ধ করতে একটি সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা সংবলিত নতুন ভবন নির্মাণ জরুরি। এই প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও একটি আধুনিক ভবন গড়ে তুলতে আমার সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন,“বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও সুশাসনের চর্চায় সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জেলা পরিষদসহ প্রশাসনের কাজের ইতিবাচক গতি আনেন। বাগেরহাট প্রেসক্লাবকে একটি আধুনিক ও সমৃদ্ধ কেন্দ্রে রূপান্তর করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুল ও মাসুদুল হক সহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রেসক্লাব নিয়ে প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও রূপকল্পের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো..