ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এই ঘটনাকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অসুস্থ বোধ করায় ভারতের বিপক্ষে টস করতে নামেননি বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তাই ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে টস করতে নামেন যুবা টাইগারদের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে হাত মেলাননি জাওয়াদ ও আয়ুশ।
টসের পর হাত না মেলানো নিয়ে মুহূর্তেই সংবাদমাধ্যমে খবর হয়ে যায়।বিষয়টি অনিচ্ছাকৃত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে; কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’
বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ–ভারত ম্যাচে দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনাকে অনেকেই মিলিয়ে নিয়েছেন সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের সঙ্গে। এশিয়া কাপে গ্রুপ পর্বে প্রথম ম্যাচের আগে ভারতের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে আগেই জানিয়ে দেওয়া হয়, টসের সময় ভারতীয় অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না। ম্যাচের পরও ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে হাত না মেলানোর কারণ হিসেবে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচেও ভারত ওই ’নো হ্যান্ডশেক’ নীতিতে অটল থাকে। এ নিয়ে তখন তুমুল বিতর্ক হয়েছিল।