ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশে প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথ উদ্যোগে এই কন্টেস্ট পরিচালনা করবে। আয়োজনের সফল বাস্তবায়নে সম্প্রতি বিএফএফ এবং বিডিওএসএন এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
বিএফএফ এর পক্ষে নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী ও বিডিওএসএন এর পক্ষে সভাপতি জনাব মুনির হাসান এই স্বারক স্বাক্ষর করেন।
বাংলাদেশ গার্লস পোগ্রামিং কন্টেস্ট দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করা।
প্রতিযোগিতাটি দুটি স্কুল–কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। নিবন্ধনকারীর সংখ্যার ভিত্তিতে অনলাইন বা আঞ্চলিক প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতার পাশাপাশি দেশজুড়ে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন সেশন, মিনি ক্যাম্প এবং অংশগ্রহণকারীদের জন্য ৫ দিনের নিবিড় অনলাইন ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে, যাতে নতুন শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হতে পারে এবং মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারে।
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে যা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রিলিমিনারি রাউন্ড অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এবং ২৪ অক্টোবর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এই আয়োজনে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করা যাবে এখানে- https://tinyurl.com/yhf7dmne
এই উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bdosn.org/olympiads/bdgpc
উল্লেখ্য, প্রযুক্তি খাতে জনশক্তি তৈরীতে আরো বেশী মেয়েদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিডিওএসএন-এর দীর্ঘদিনের প্রচেষ্টা #missingDaughter উদ্যোগের আওতায় এই কন্টেস্ট বাস্তবায়নে সহযোগিতা করছে বিএফএফ। এই উদ্যোগ বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রযুক্তির জগতে এগিয়ে যেতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের নারী প্রযুক্তি নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।