https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল, চোখ সভাপতির পদে

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে দীর্ঘদিনের গুঞ্জন ছিল যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাবেক অধিনায়ক তামিম ইকবাল যুক্ত হবেন। সেই গুঞ্জনকে সত্যি করে বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার। তিনি প্রথমে পরিচালক পদে নির্বাচন করতে চান এবং পরবর্তীতে বিসিবির সভাপতি পদে আসার দিকে তার নজর রয়েছে।

তামিমের সরাসরি ঘোষণা: প্রথম সারির একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও। তামিম বলেন, “কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি। কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে পরিচালক পদে নির্বাচিত হতে হয়, এরপর নির্বাচিত পরিচালকরাই ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন। এই প্রক্রিয়া মেনেই তামিম তার লক্ষ্য স্থির করেছেন। তিনি বলেন, “যদি প্রশ্ন করেন নির্বাচনে অংশ নেব কি না, আমার বলার মতো যথেষ্ট কারণ আছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস– যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।”

সভাপতি পদের স্বপ্ন: তামিম ইকবাল মনে করেন, সভাপতি হতে গেলে পর্যাপ্ত সমর্থন থাকা জরুরি। তিনি বলেন, “এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করব।” বিসিবিতে আসার প্রস্তুতি হিসেবে তামিম দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন এবং যেকোনো একটি ক্লাবের কাউন্সিলর হিসেবে পরিচালক পদে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তার।

দেশের ক্রিকেটের জন্য উপযুক্ত নেতৃত্ব: তামিম মনে করেন, দেশের ক্রিকেটের উন্নতির জন্য উপযুক্ত প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, “সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু আসলে কী হচ্ছে? একে অপরকে আক্রমণ, গুজব ছড়ানো, এসবই চলছে। অথচ আসল আলোচনা হচ্ছে না, কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী।” তার মতে, যারা সত্যিই ক্রিকেটের জন্য যোগ্য, তাদের দিকেই আসল মনোযোগ দেওয়া উচিত।

বিসিবি নির্বাচনের সময়সূচি: বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরো..