ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে কোরবানী গোশত হাদিয়া বিতরণ কর্মসূচি পালন করা হয়। আগামসিহ লেনস্থ দলের বংশাল থানা কার্যালয়ে ঈদের দিন বিকেলে এ গোশত হাদিয়া বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল কাশেম।সংগঠনের বংশাল থানা সহ-সভাপতি মাওলানা গোলাম রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী হাজি মুহাম্মদ জহির ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন, জয়েন্ট সেক্রেটারী অ্যাডভোকেট সুলতান আহমাদ, দীনি সংগঠন বংশাল থানার সাধারণ সম্পাদক কাউসার খান বাবুল, মুহাম্মদ রিফাত, আব্দুল্লাহ সাদ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোরবানীর পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট নির্ধারিত মূল্যে চামড়া না কিনে গরিব ও অসহায় মানুষের সাথে তামাশা করেছে। তিনি বলেন, চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আন্দোলন গড়ে উঠবে। ইসলামবিদ্বেষী চামড়া সিন্ডিকেট চক্র কোরবানীর চামড়ার দরপতন ঘটিয়ে চামড়া শিল্পকে ধ্বংস করছে। সিন্ডিকেটচক্র কওমী মাদরাসাগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে শিক্ষা কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য চামড়াশিল্পকে ধ্বংস করছে। এই সিন্ডিকেটচক্র পাট শিল্পকেও ধ্বংস করে দিয়েছে।