https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

ফরিদপুরে যুবককে গলা ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) নামের আরেক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখ চরমাধবদিয়া ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। এ ছাড়া গণপিটুনিতে আহত জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পুলিশের হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টাকারী জিয়া মন্ডল মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবাল শেখের সঙ্গে তার দ্বন্দ্ব চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় আফজাল মন্ডলের হাটের অদূরবর্তী ফাঁকা স্থানে একটি বাগানের মধ্যে গোঙানির শব্দ পেয়ে ছুটে যান কয়েকজন। ঘটনাস্থলে ইকবাল শেখকে গলা ও দুই পায়ের রগ কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তারা। এ সময় সেখান থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন জিয়া মন্ডলসহ দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে পা ভেঙে যায় জিয়া মন্ডলের। এসময় তাকে গণপিটুনি দেয়া হয় এবং অপর ব্যক্তি পালিয়ে যান। ইকবাল শেখকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানানো যাবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আরো..