পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনার পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের সকল কর্মচারীরা গণছুটিতে চলে গেছেন। ফলে বিদ্যুৎ বিপর্যয়ের আতংকে গ্রাহকরা। নাশকতা সৃষ্টির আশংকায় পুলিশ টহল বৃদ্ধিসহ প্রশাসনিক সহায়তার অনুরোধ জানিয়েছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।
জানা যায়, গত ৭ই আগষ্ট থেকে কর্ম বিরতি ঘোষণা করা হলেও গ্রাহকদের স্বার্থে তারা দায়িত্ব পালন করেন। কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় বুধবার বিকেলে কর্মকর্তারা ব্যতিত সকল কর্মচারীরা ছুটির আবেদন জমা দিয়ে চলে গেছেন।
পাইকগাছা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, গ্রাহক সেবার মান উন্নয়নের স্বার্থে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাইকগাছা জোনাল অফিসের মোট ৯৬ জন কর্মরত কর্মচারীরা গণছুটিতে চলে গেছে। তবে কর্মকর্তাগনরা এখনো রয়েছে। এদিকে ৯৬ জন কর্মচারী গণছুটিতে যাওয়ায় পাইকগাছা উপজেলার প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিপর্যয়ের আতংকের মধ্যে পড়েছে।
পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকার জানান, সকল কর্মচারী গণছুটিতে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘœসহ নাশকতা সংঘটিত হতে পারে।
এছাড়াও উপজেলার পাইকগাছা শিববাটি এবং কপিলমুনির রামচন্দ্রনগর বিদ্যুৎ কেন্দ্র কেপিআই ভুক্ত স্থাপনা আছে। উক্ত স্থাপনায় জরুরী কাজে লোকবলের অভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।তাছাড়া নিরাপত্তার স্বার্থে পুলিশ টহল বৃদ্ধি সহ প্রশাসনিক সহায়তার দাবিও জানান এ কর্মকর্তা।