https://www.a1news24.com
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪

পটিয়ায় কিরিচ-রড নিয়ে নাজিম বাহিনীর বেপরোয়া তাণ্ডব! অসহায় পুলিশ!

নিজস্ব প্রতিবেদক- চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিরিচ, দা ও লোহার রড দিয়ে হামলা, মারধর, ছিনতাই ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে পটিয়া থানা-এ লিখিত মামলা দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. লেয়াকত আলী (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকায় অভিযুক্তরা অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা।

অভিযোগ অনুযায়ী, গত ১১ মে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে বাবুলের বাড়ির সামনে রাস্তার ওপর লেয়াকত আলীর গতিরোধ করে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা কিরিচ, দা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। লোহার রডের আঘাতে তাঁর পায়ের গোড়ালি ভেঙে যায় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তাঁর পকেট থেকে নগদ ১৫ হাজার ৩৫২ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি গলায় থাকা প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়ার দাবি করা হয়েছে।

ভুক্তভোগীকে উদ্ধার করতে এগিয়ে এলে আরেক ব্যক্তিকেও কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া হামলার ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও দাবি করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মো. নাজিম উদ্দিন, মো. ইসমাইল ও মো. জিহানসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরা সকলে পটিয়া বড়লিয়া ইউনিয়নের উত্তর মেলঘর ও দক্ষিন মেলঘর।

এদিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় এমপির নির্দেশে অবৈধভাবে মাটি কাটছে শুনে পরিদর্শনে যান পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক লিকু, বড়লিয়া ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি আব্দুল মন্নান তালুকদার এবং সাবেক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে ফেরার সময় তাঁদেরও চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীরা হামলা করে আহত করেন।

পরে এ ঘটনা শুনে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু নাজিম ও হামলাকারিরা পালিয়ে যান। এ ঘটনা সমাধান করতে গিয়ে বড়লিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মন্নান তালুকতারও আহতন হন। মাথায় হেলমেট থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান। এ ঘটনার সাথে নাজিম জড়িত বলে এলাকাবাসীর মন্তব্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজিম উদ্দিন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি। সিনিয়র নেতাদের ওপর হামলার অভিযোগ ও মামলায় আসামি হওয়ার পরও তাকে সংগঠন থেকে বহিষ্কার না করায় পটিয়াজুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্যবসায়ী মো. লেয়াকত আলী জানান, আসামিরা অনুমোদনহীন দৈনিক চাটগাঁ নিউজ, স্পিচ বাংলা নিউজ ও বিসর্গ বাংলা নামক ভুয়া অনলাইনে নানা জনের নামেও ভিডিও বার্তায় নানা অপ্রচার করছেন। আমি আসামীদের গ্রেপ্তার চাই।

এ বিষয়ে মো. জিয়াউল হক ও তদন্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

আরো..