https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

নুরকে দেখে এসে যা বললেন বিএনপি নেতা মঈন খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।’

শনিবার (৩০আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ২৪-এর আগস্টের পূর্ব থেকে বিএনপিসহ দেশের ৬৩ রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম। সেই আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।’

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, বাংলাদেশের মানুষ আজকে নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে— এ দেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারংবার যুদ্ধ করেছে।

‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দিবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারাই এ দেশ পরিচালনা করবে।’ বলেন মঈন খান।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

আরো..