-মাওলানা আহমদ আবদুল কাইয়ুম
দেশ ইসলামের আলোয় আলোকিত হলে সকল মত-পথ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। ইসলামের ইতিহাস থেকে জানা যায় বিশ্বের যে প্রান্তে ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিলো, সেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদে ছিলো। তাদের জানমাল, ইজ্জত আব্রুর নিশ্চয়তা ছিলো ও নিরাপদ ছিলো। এ জন্য দেখা গেছে যে, অন্যান্য ধর্ম ও বর্ণের মানুষ হিজরত করে ঐ সকল দেশে চলে গিয়েছিলো। তিনি বলেন, আফসোসের সাথে বলতে হচ্ছে, হিন্দুদের পূজাকে সামনে রেখে একটি বড় ইসলামের নামের দলের শীর্ষ নেতাকে বলতে শোনা যাচ্ছে, সামনে আমাদের বড় পূজা ইত্যাদি ইত্যাদি..। বিএনপির এক শীর্ষ নেতা তো বলেছেনই যে, সনাতনীদের ভোটেই নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, মুসলমানদের ভোটে নয়। এধরণের বক্তব্য পরিহার করে আল্লাহ ও মুসলিম উম্মাহর কাছে তওবা করা উচিত। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে সকল ধর্ম ও মতের মানুষের নাগরিক সকল অধিকার নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব ও কর্তব্য। আধুনিক রাষ্ট্র চিন্তায় এগুলো বলে মানুষের ভোট নেওয়ার জন্য নিজেদের ঈমান ও আমলের দিকেও তাকাচ্ছে না।
আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি জালাল হোসাইন, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, হাফেজ মাওলানা নাযির আহমদ শিবলী, মুফতী মুজিবুর রহমান উৎরাইনী, প্রভাষক আলমগীর প্রমুখ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলাম পৃথিবীতে এসেছে সকল মতাদর্শের উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের আইন পৃথিবীজুড়ে সব দেশেই অনেকগুলো প্রতিষ্ঠত আছে। অথচ যারা ইসলামের কথা বলে রাজনীতি করেন, তারাও পশ্চিমাদের ভয়ে ইসলামী শরীয়াহ থেকে পিছিয়ে যাচ্ছে। কিন্তু মুসলিম উম্মাহর সামনে একটিই পথ, তা হলো ইসলাম তথা ইসলামী শরীয়াহ। এর বিকল্প নেই।