লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। চিঠির সূত্র উল্লেখ করে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে আরো একটি চিঠি ইস্যু করেছেন। চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট দপ্তর গুলোতে দেওয়া হয়েছে। বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও স্থলবন্দর কর্তৃপক্ষ।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজায় ১ অক্টোবর থেকে ৪ তারিখ সরকারি ছুটি। তবে, শুল্ক (কাস্টমস) দপ্তর সচল থাকবে।