আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট ধারণা পাওয়া যাবে। শুক্রবার (২২ আগস্ট) কনজারভেটিভ টক রেডিও অনুষ্ঠান দ্য টড স্টার্নস শো-তে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প।
প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “আমার ধারণা, আমরা একভাবে বা অন্যভাবে দুই সপ্তাহের মধ্যেই জানতে পারব কী হতে যাচ্ছে। এরপর হয়তো ভিন্ন কোনো পথ বেছে নিতে হবে, কিন্তু খুব শিগগিরই সব পরিষ্কার হয়ে যাবে।”
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটেই ট্রাম্প এই সময়সীমার কথা বলেছেন। তিনি সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন।
ট্রাম্প জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি এক বৈঠকের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, তিনি নিজেও একটি ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে তিনি একদিকে জেলেনস্কিকে “স্থিতিশীল” আচরণ করতে পরামর্শ দিলেও, ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনার কথা বলছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রাশিয়ার দিক থেকে এরই মধ্যে কঠোর বার্তা এসেছে। দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে ন্যাটোর কোনো সেনা মোতায়েন মস্কোর জন্য গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এ ধরনের কোনো নিরাপত্তা কাঠামোকে রাশিয়া কখনোই স্বীকৃতি দেবে না।