রাজধানীর দারুস সালামে এক বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন এক গৃহবধূ।
৩৮ বছর বয়সি জেসমিন বেগম নামে ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, ডানহাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই নারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।
পুলিশ বলছে, জেসমিন বাসার জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। এসময় কে বা কারা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়।
আহত নারীর ছেলে ইয়াসিন বলেন, “গুলিটি মায়ের ডান হাতে লাগে এবং গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে খবর পেয়ে বাসা থেকে মাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
“সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।”
গুলিবিদ্ধ জেসমিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। বর্তমানে দারুস সালাম থানার মসজিদের গলির একটি টিনশেড বাসার নিচ তলায় স্বামী-সন্তানদের নিয়ে ভাড়া থাকেন।