আজ বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনগুলোর দাবিগুলো হলো—
১) নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে।
২) কলেজের আশেপাশের হকার সমস্যা দূরীকরণের পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩) ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে।
৪) কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক বলেন, “নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। কলেজের পাশে বাসস্ট্যান্ড, অবৈধ দোকান ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে এই ৪ দফা দাবিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “আমরা আজ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে একত্রিত হয়েছি। ২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে না পায়, তা অত্যন্ত লজ্জাজনক। সিরাজউদ্দৌলা সড়কে নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এ সড়কের পরিবেশ কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামী ৫ কার্যদিবসের মধ্যে এসব অব্যবস্থাপনার সমাধান না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাত বলেন, “আজকের এই সমাবেশ থেকে আমরা একটি বার্তাই দিতে চাই আমাদের উত্থাপিত দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এরপরও কিছু মহল নিজেদের অসৎ স্বার্থে বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে, যা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। মনে রাখতে হবে, এই ছাত্রসমাজই স্বৈরাচার উৎখাত করেছে। শিক্ষার্থীদের দাবি আদায়ে যেকোনো আন্দোলনে ছাত্রদল তাদের পাশে থাকবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা বলেন,“শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।”
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন,“আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াইনি। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে একত্রিত হয়েছি। দীর্ঘদিনের ভোগান্তি, অব্যবস্থা ও অবহেলার বিরুদ্ধে আজ শিক্ষার্থীদের কণ্ঠ এক হয়েছে।
শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে। কলেজের আশেপাশের হকার সমস্যা দূর করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের সামনে স্থায়ী যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ রক্ষায় কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর করতে হবে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো কোনো অনুরোধ নয় এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা শান্তিপূর্ণ কিন্তু আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া ও প্রচার সেল সম্পাদক রাফিন হাসান বলেন,“আজ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একত্রিত হয়েছি। শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করা জরুরি। কলেজের আশেপাশের হকারদের অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই হকার সমস্যা দূরীকরণ এবং ক্যাম্পাসে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাসের সামনে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। তাই সেখানে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে। এছাড়া কলেজের পাশের বাস টার্মিনালের কারণে বিশৃঙ্খলা বাড়ছে। শিক্ষার পরিবেশ রক্ষায় এটি অন্যত্র স্থানান্তর করতে হবে।আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।