তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাটকেলঘাটা ও তালা উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহনের’ একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
এদিকে, তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় পারুল দাস (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে জাতপুর এলাকায় সড়কের পাশে পারুল দাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।