ঢাকা-৮সহ বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থী ও কর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ লেবার পার্টির
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসির পাটোয়ারীসহ দেশের বিভিন্ন স্থানে জোটপ্রার্থী, সমর্থক ও নারী কর্মীদের ওপর সংঘটিত নৃশংস, বর্বরোচিত হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
আজ (মঙ্গলবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিরোধী জোটের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে নারী কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত ন্যাক্কারজনক, যা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন।
ডাঃ ইরান অভিযোগ করে বলেন, ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসির পাটোয়ারী এবং তার সমর্থকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে, দেশে এখনো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হয়নি। ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসীরা বিরোধী প্রার্থীদের নির্বাচন কার্যক্রমে বাধা দিচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ বার্তা বহন করে।
তিনি অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব।
বিবৃতিতে তিনি আরও বলেন, হামলা, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার দমন করা যাবে না। ১১ দলীয় জোট ও লেবার পার্টির নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখবে। লেবার পার্টির চেয়ারম্যান এই সহিংস ঘটনার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি