ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা প্রদর্শনের অন্যতম সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। ৯ম বারের মত এই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল প্রতিপাদ্য ‘Cultural Heritage Service Robots’। সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা, তা বোঝার সুযোগ তৈরি করা এবং সংরক্ষণে সহায়তা করতে পারে এমন রোবট ও প্রযুক্তিগত সমাধান তৈরির ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে।
জাতীয় পর্বের প্রথম দিন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ প্রতিযোগিতা। শেষ দিনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
আয়োজক কর্তৃপক্ষ জানান, এবারের প্রতিযোগিতার জন্য ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলে। এ সময়ে দেশের ৮ বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রশিক্ষকেরা। ২৮ ও ২৯ আগস্ট অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই জাতীয় পর্বে অংশ নিচ্ছে।
দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন ও উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্বের হোস্ট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে রয়েছে উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কো. লিমিটেড। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড বিগত ৯ বছর ধরে কাজ করছে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দেশজুড়ে রোবোটিকস শিক্ষার বিস্তারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গত ৮ টি আসরে বাংলাদেশ দল ১৫টি গোল্ড মেডেলসহ ৯৪টি পদক অর্জন করেছে। এবছর বাংলাদেশ থেকে জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। ওই ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
যোগাযোগঃ মিশাল ইসলাম, সমন্বয়ক ও চিফ কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড +880 1521-439711