আব্দুর রহিম রিয়াদ ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় নামজারি শুনানির সময় জাল দলিল প্রদর্শনের অভিযোগে এক দলিল লেখক ও এক জমির মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। দলিল যাচাই-বাছাইয়ে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এ পদক্ষেপ গ্রহণ করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিমলা উপজেলা ভূমি অফিসে নামজারি মামলা নং-৪৬৫৩/২৫-২৬-এর শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে আবেদনকারী পক্ষ সাব-কবলা দলিল নং-২১১৩/২৩ উপস্থাপন করলে দলিলটির তথ্য ও উপস্থাপনায় অসঙ্গতি লক্ষ্য করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে দলিলটির সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন।
পরে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে দলিলটি যাচাই-বাছাই করা হলে দেখা যায়, দলিলের তফসিল সংবলিত পাতায় অবৈধভাবে পরিবর্তন আনা হয়েছে। তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় নামজারির আবেদনকারী বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ডাঙ্গারহাট এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৭) এবং ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই ময়দানের ডাঙ্গা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে তহমিদুল ইসলাম সুমন (৪২)-কে আটক করা হয়। পরে তাদের ডিমলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের পেশকার তরনী কান্ত বাদী হয়ে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫(১)(গ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর-১২ এবং দায়েরের তারিখ ৯ জুন ২০২৬।
ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।