https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬

ট্রাম্পের ওপর হামলায় ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি হাই-প্রোফাইল গুলির ঘটনা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ওয়াশিংটন ডিসির একটি ডিনারে এই হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।(সূত্র: আল জাজিরা)

প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি নিয়ে ওয়াশিংটন হিলটন হোটেলের সিক্রেট সার্ভিস চেকপয়েন্ট পার হওয়ার চেষ্টা করে। এসময় সে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করতে সক্ষম হয়।

যদিও হামলাকারী প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ক্ষতি করতে পারেনি, তবে এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

এই আসরে প্রায় ৫০ থেকে ১০০ লাখ বিদেশি ভক্তের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন—যেখানে স্বয়ং প্রেসিডেন্টের নিরাপত্তায় ঘাটতি থাকে, সেখানে খেলোয়াড় এবং সাধারণ দর্শকদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে?অবশ্য নিরাপত্তা বিশ্লেষক মাসিমিলিয়ানো মোন্তানারি মনে করেন, এই ঘটনার ফলে বিশ্বকাপের মূল নিরাপত্তা প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গোলাগুলি অতিরিক্ত উদ্বেগ তৈরি করলেও যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সবসময়ই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। আন্তর্জাতিক মহলে নানা অস্থিরতা থাকলেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত যে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে তিনি আহত হয়েছিলেন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডায় গলফ খেলার সময় তাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে একজন দণ্ডিত হয়।এ ঘটনার পর বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরো..