https://www.a1news24.com
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৬

জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিএনপি-যুবদলের নেতাকর্মীরা, স্থানীয় লোকজন এবং পুলিশের সদস্যরা কার্যালয়টি ঘিরে রেখেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হন বলে জানা যায়।

আরও জানা যায়, বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন।

পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন, বৈঠক চলছিল।

তিনি জানান, অভিযানে চালিয়ে ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ, তথ্য বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো..