https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১

চিতলমারীতে পৈতৃক জমির বিরোধে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, আহত ৭

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাটের চিতলমারীতে পৈতৃক জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পোদ্দারপাড়া গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে জয়দেব বিশ্বাস ও তার ছোট ভাই ফটিক বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জয়ন্ত বিশ্বাস (৪০), প্রমান্ত বিশ্বাস (২৫), মিনুকা বিশ্বাস (৫০), ফটিক বিশ্বাস (৬০), বিপ্লব বিশ্বাস (৩৫), সমীর বিশ্বাস (২৩) ও অঞ্জলী বিশ্বাস (৪৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী ও গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে চিতলমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পৈতৃক সম্পত্তির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরো..