https://www.a1news24.com
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩

গেইলদের কাছে বড় সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ চ্যাম্পিয়নস

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ চ্যাম্পিয়নস। রনি তালুকদারের ঝোড়ো ৯৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান করেছিল বাংলাদেশ। তবে ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস।

শুক্রবার (৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেয়া ২১৯ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যারিবীয় কিংবদন্তিরা।ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১২ বলে মাত্র ৩ রান করে ইমরুল কায়েস ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে দল। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন রনি তালুকদার।

ফজলে মাহমুদের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রনি। ২২ বলে ৩৬ রান করে ফজলে আউট হলেও রনির ব্যাটে ঝড় চলতে থাকে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ২৮ বলে ৫৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

শেষ পর্যন্ত ৫৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯৬ রান করে আউট হন রনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। মাহমুদউল্লাহ ২১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে জিয়াউর রহমানের অপরাজিত ১৩ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজের হয়ে রায়াদ এমরিট ২টি এবং ডোয়াইন ব্রাভো ও রেমন রেইফার একটি করে উইকেট নেন।

২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ক্রিস গেইল ও লেন্ডল সিমন্স। মাত্র ২৮ বলে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন তারা। ১১ বলে ২০ রান করে সিমন্স ফিরলেও গেইল চালিয়ে যান তার বিধ্বংসী ব্যাটিং। মাত্র ২৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন ক্যারিবীয় অধিনায়ক। তার বিদায়ের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৮.১ ওভারে ১০৫ রান।

এরপর একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের জয়ের আশায় বড় ধাক্কা দেন চ্যাডউইক ওয়ালটন। ৪৩ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ৯০ রান করেন তিনি। রেমন রেইফার ১৫ বলে ২০ এবং জারমেইন ব্ল্যাকউড ১১ বলে ১৪ রান করে দলকে এগিয়ে নেন।

শেষদিকে ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৫ রানে ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম ৩টি এবং এনামুল হক জুনিয়র ২টি উইকেট নেন।

আরো..