স্পোর্টস ডেস্ক: পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে টাইটানসের হয়ে নাইটসের বিপক্ষে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
ম্যাঙ্গাউং ওভালে ২ অক্টোবরের ম্যাচে প্রিটোরিয়াসের ব্যাটে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। তার ১৮৮ রানের ইনিংসটি ছাড়িয়ে গেছে ক্রিস গেইলের ১৩ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল।
তবে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হয়নি প্রিটোরিয়াসের। ১৮৮ রানে অপরাজিত থেকে তিনি প্রথম পুরুষ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ রানের ইনিংস করার সুযোগ থেকে ১২ রান দূরে থাকেন।
প্রিটোরিয়াসের ইনিংসটি ছিল শুরু থেকেই আক্রমণাত্মক। মাত্র ২৪ বলে পূর্ণ করেন নিজের ফিফটি। এরপর আরও ১৬ বলে পৌঁছে যান তিন অঙ্কে। ৫৮ বলেই স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক।
৭৯ বলের ইনিংসটি পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বল খেলার রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এই কীর্তিতে তিনি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের পাশে বসেছেন।
পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
লুয়ান-দ্রে প্রিটোরিয়াস — ১৮৮* — ৭৯ বল — টাইটানস বনাম নাইটস, ২ অক্টোবর ২০২৬
ক্রিস গেইল — ১৭৫* — ৬৬ বল — রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পুনে ওয়ারিয়র্স, ২৩ এপ্রিল ২০১৩
অ্যারন ফিঞ্চ — ১৭২ — ৭৬ বল — অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে, ৩ জুলাই ২০১৮
করণবীর সিং — ১৬৪ — ৫৭ বল — অস্ট্রিয়া বনাম হাঙ্গেরি, ২৮ জুন ২০২৬
হামজা খান — ১৬৪* — ৬৫ বল — রুয়ান্ডা বনাম আইভরি কোস্ট, ২৪ মে ২০২৬
হজরতউল্লাহ জাজাই — ১৬২* — ৬২ বল — আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
মোহাম্মদ ইহসান — ১৬০ — ৬৩ বল — স্পেন বনাম ক্রোয়েশিয়া, ৭ ডিসেম্বর ২০২৫
টাইটানসের রেকর্ড সংগ্রহ
প্রিটোরিয়াসের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। এটি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও টাইটানসের দখলে। ২০২২ সালে নাইটসের বিপক্ষেই তারা ৩ উইকেটে ২৭১ রান করেছিল।
সেই ম্যাচেই ডেওয়াল্ড ব্রেভিস ১৬২ রানের ইনিংস খেলেছিলেন, যা এত দিন সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। প্রিটোরিয়াসের ১৮৮ রানের ইনিংসে সেই রেকর্ডও এখন নতুন করে লেখা হলো। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি দলীয় সংগ্রহই এখন টাইটানসের দখলে।
২০২৬-২৭ মৌসুমে এটিই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে আগের দুই ম্যাচে তার স্কোর ছিল যথাক্রমে ৯৪ ও ১০১।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ২২ ম্যাচ খেলা হলেও টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ৯১টি ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। সংক্ষিপ্ততম ফরম্যাটে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৫০.৪৪।