নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট।
তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থান পর আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। কিন্তু আমরা দেখেছি টকশোতে আওয়ামী লীগের পেইড করা কিছু বুদ্ধিজীবী আছেন। তারা এতদিন আওয়ামী লীগের পক্ষে বৈধতার কথা বলেছেন। কিন্তু গত দুইদিনের কার্যক্রমে বুঝা উচিত আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালাও পোড়াও এগুলো অতীতে কারা করে ছিল এবং বর্তমানে কারা করছে গত দুই দিনের তা স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে না বরং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
জোট গঠনের প্রসঙ্গে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেন, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। সংস্কারের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আসতে চায় নির্বাচনে আমরা তাদের স্বাগতম জানাই।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি তুহিন খান প্রমুখ।