কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় দিন দিন বেড়েই চলেছে মোটরসাইকেল চুরির ঘটনা। একের পর এক চুরি হলেও চুরি হওয়া যানবাহন উদ্ধারে দৃশ্যমান সাফল্য না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কাউনিয়া থানার সামনের একটি ভাড়া বাসা থেকে দিনের আলোতেই একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানার এত কাছাকাছি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের কাউনিয়া থানার সামনে অবস্থিত সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার হিরনের বাড়িতে ভাড়া থাকেন ডাচ্-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার এনামুল হক। শুক্রবার বিকেলে অজ্ঞাত চোরেরা তার ব্যবহৃত কালো রঙের ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলটি বাসার ভেতর থেকে চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, কাউনিয়ায় গত কয়েক মাস ধরে বাড়ি, মসজিদ, মন্দির, বাজার ও বিভিন্ন অফিসের সামনে থেকে ধারাবাহিকভাবে মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই চুরি হওয়া যানবাহন উদ্ধার হয়নি। এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন তারা।
দিনের বেলায় বাসার ভেতর থেকে মোটরসাইকেল চুরির এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং চোরচক্রকে দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী এনামুল হকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামে। তিনি এ ঘটনায় কাউনিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।