https://www.a1news24.com
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

কাউখালীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) কাউখালী থানা পুলিশের আয়োজনে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হুমায়ুন কবীর, উপজেলা বিএনপি নেতা শাফিউল আজম দুলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আলী হোসেন হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবাদ আলী মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। পাশাপাশি তরুণ ও কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো..