কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাউখালী উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রনজিৎ চন্দ্র মাঝি (৫৪)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রনজিৎ চন্দ্র মাঝি কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।