নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর গ্রামে মৃত আব্দুর রাজ্জাকের বাড়ির গেট ও রান্নাঘরের দরজাসহ বিভিন্ন স্থানে ‘বোমাসদৃশ’ তিনটি বস্তু ঝুলিয়ে রাখার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার চন্দনপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা ওই বাড়ির প্রধান গেট, রান্নাঘরের দরজা এবং উঠানে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু বেঁধে রেখে যায়। বাড়ির সদস্য ও প্রতিবেশীরা সকালে ঘুম থেকে উঠে এগুলো দেখতে পেয়ে ভয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
মাজেদা খাতুন জানান, রাতে তারা কোনো শব্দ বা সন্দেহজনক গতিবিধি টের পাননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বা আইইডি (IED) সদৃশ মনে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
ওসি আরও নিশ্চিত করেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো আসলে কী। এরপরই সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।