https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১

কলম্বিয়ার নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী উরিবে আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়া আবারও রাজনৈতিক সহিংসতার রক্তাক্ত ছাপ দেখলো। আসন্ন ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির মধ্যেই প্রাণ হারালেন রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের প্রার্থী মিগেল উরিবে। তার মৃত্যু শুধু রাজনৈতিক মহল নয়, পুরো দেশকে গভীর শোক ও উদ্বেগে ফেলেছে।

গত ৭ জুন, রাজধানী বোগোটায় দলের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আয়োজিত এক প্রচারণা সভায় বক্তৃতা দেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন উরিবে। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও, পুলিশ জানিয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ চিকিৎসা চলার পরও বাঁচানো যায়নি তাকে। স্থানীয় সময় ১১ আগস্ট রাত ১টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ রাজনীতিক।

মিগেল উরিবে ডেমোক্র্যাটিক সেন্টারের একজন প্রভাবশালী সদস্য ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। তার স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে বিদায় জানিয়ে লিখেছেন—“ঈশ্বর যেন আমাকে তোমাকে ছাড়া বাঁচতে শেখার পথ দেখান। শান্তিতে থেকো, আমার জীবনের ভালোবাসা, আমি আমাদের সন্তানদের যত্ন নেব।” গত সপ্তাহে রাজধানীর সান্তা ফে ফাউন্ডেশন হাসপাতাল জানায়, স্নায়ুতন্ত্রে গুরুতর রক্তক্ষরণের কারণে উরিবের অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছিল।

দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে এক্স-এ শোকবার্তায় লেখেন—“অশুভ শক্তি সবকিছু ধ্বংস করে দেয়; তার সব আশা শেষ করে দিয়েছে।” অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুলির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে—যে সরাসরি গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের দাবি, ওই কিশোরকে স্থানীয় এক মাদক ব্যবসায়ী ভাড়া করেছিল। হামলার মূল পরিকল্পনাকারীদের সন্ধান এখনো চলছে।

উরিবের পারিবারিক ইতিহাসও সহিংসতায় ভরপুর। তার মা, সাংবাদিক ডায়ানা তুরবাই, ১৯৯১ সালে মেদেলিন কার্টেলের হাতে অপহৃত হওয়ার পর এক ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হন। রাজনৈতিক জীবনে উরিবে মাত্র ২৫ বছর বয়সে বোগোটা সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন এবং তখনকার মেয়র গুস্তাভো পেত্রো (বর্তমান প্রেসিডেন্ট)-এর কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালের নির্বাচনে তিনি সেনেটে ডেমোক্র্যাটিক সেন্টারের তালিকায় শীর্ষে ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, দুই সৎ মেয়ে, বাবা ও বোন রেখে গেছেন। তথ্যসূত্র : রয়টার্স

আরো..