টি.আই সানি, (শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউ-টার্ন এলাকায় উল্টো পথে একটি শিক্ষার্থীবাহী একাডেমিক ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে জৈনা বাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির মাওনা শাখার শিক্ষার্থী বহনকারী ভ্যানটি শিশুতোষ বিদ্যাঘরের সামনে থেকে দুই শিক্ষার্থী নিয়ে ইউ-টার্নের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানে একজন অভিভাবকও ছিলেন।
ভ্যানচালক শফিক জানান, শিক্ষার্থীদের নিয়ে ইউ-টার্নের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে নবম শ্রেণির একজন শিক্ষার্থী মরিয়ম আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অন্য শিক্ষার্থীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
প্রাইভেটকারের চালক নাহিদুল ইসলাম বাবু বলেন, তিনি ঢাকা থেকে ময়মনসিংহগামী ছিলেন। জৈনা বাজার ইউ-টার্নের আগে পৌঁছালে হঠাৎ উল্টো দিক থেকে শিক্ষার্থীবাহী ভ্যানটি চলে আসে। তাঁর দাবি, ভ্যানটি উল্টো পথে থাকায় দুর্ঘটনা এড়ানোর সুযোগ ছিল না। বাম পাশে একটি ট্রাক থাকায় গাড়ি সরানোরও সুযোগ পাননি। এতে তাঁর গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির মাওনা শাখার পরিচালক সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ভ্যানে একজন অভিভাবক ও দুই শিক্ষার্থী ছিলেন। আহত ছাত্রী মরিয়মের হাতের পাশে কাঁচ ভেঙে কেটে যায়। চালক অক্ষত থাকলেও ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, স্কুলের শিক্ষার্থী বহনকারী ভ্যানটি উল্টো পথে চলছিল। এতে প্রাইভেটকারটির ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে বিষয়টি সে অনুযায়ী নিষ্পত্তি হবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, জৈনা বাজার ইউ-টার্ন এলাকায় দীর্ঘদিন ধরেই উল্টো পথে যানবাহন চলাচল, অনিয়ন্ত্রিত ইউ-টার্ন এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সেখানে স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগ জোরদারের দাবি জানিয়েছেন তারা।