ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল বাধ্যতামূলক করার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করবে তার দল।
শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউন হল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, পদযাত্রায় তিনি নিজেও অংশ নেবেন।
অনুষ্ঠানে কেজরিওয়াল দাবি করেন, ই-২০ পেট্রল বাধ্যতামূলক করার ফলে বহু গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, জ্বালানির মাইলেজ কমছে এবং সাধারণ মানুষের ব্যয় বেড়ে যাচ্ছে। তাই সরকারের এ নীতিতে পরিবর্তন আনতে জনমত গড়ে তোলাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য।
এএপি প্রধান সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন। প্রথমত, প্রতিটি পেট্রল পাম্পে সাধারণ পেট্রল ও ই-২০—দুই ধরনের জ্বালানিই বিক্রির ব্যবস্থা রাখতে হবে, যাতে গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী জ্বালানি বেছে নিতে পারেন। দ্বিতীয়ত, সাধারণ পেট্রলের দাম কমিয়ে প্রতি লিটার ৮৪ রুপিতে নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, ইথানলভিত্তিক জ্বালানির দামও কমানোর দাবি জানান তিনি।
এর আগে ১ আগস্টের টাউন হল কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশজুড়ে মানুষকে সরাসরি ও অনলাইনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কেজরিওয়াল। একই সঙ্গে ই-২০ নীতিকে ঐচ্ছিক করার দাবিতে একটি অনলাইন স্বাক্ষর অভিযানও শুরু করেছে তার দল।
ভারতে ই-২০ পেট্রল নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই নীতির কারণে পুরোনো গাড়ির মালিকরা বেশি সমস্যায় পড়ছেন এবং জ্বালানির খরচ বাড়ছে। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়লে অপরিশোধিত তেল আমদানি কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিও উপকৃত হবে।
উল্লেখ্য, ই-২০ হলো এমন একটি জ্বালানি, যাতে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রল মিশ্রিত থাকে।