আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৬-এর নিবন্ধন শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হবে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জাতীয় দল, যা নির্বাচিত হবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর বিভিন্ন ধাপের প্রতিযোগিতার মাধ্যমে। ২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।
বাংলাদেশ দলের জাতীয় নির্বাচন কার্যক্রম আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনলাইন নিবন্ধন চলবে ২২ আগস্ট পর্যন্ত। অনলাইন নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ আগস্ট। জাতীয় পর্বের অনুষ্টিত হবে সেপ্টেম্বর মাসে। প্রতিযোগিতার তারিখ ও ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে।
এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূলথিম ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। এই মূলথিমকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনার জন্য উদ্ভাবনী রোবট তৈরি করবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে। এবছর থেকে নতুন সংযোজিত মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরিতে প্রতিযোগিতাস্থলে দেওয়া তাৎক্ষণিক একটি মিশন সম্পন্ন করতে অটোনোমাস রোবট তৈরি করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের রোবটিক্সে উৎসাহ দেয়ার লক্ষ্যে থাকবে রোবটিক্স কুইজ প্রতিযোগিতা, যা শুধু জাতীয় পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুটি বিভাগে—জুনিয়র (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি)।
বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। সর্বশেষ ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ সদস্যের বাংলাদেশ দল ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ এবং ৪টি কারিগরি পদকসহ মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। গত আট বছরে বাংলাদেশ মোট ১৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জপদক জিতেছে।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ও নিবন্ধন করা যাবে bdro.org ওয়েবসাইটে।