https://www.a1news24.com
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২০

অভিনেতা মিশা সওদাগরের বাসায় এক ফ্রেমে নব্বই দশক

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশক মানেই এক সোনালি অধ্যায়। সেই সময়ের নায়ক-নায়িকাদের পর্দার উপস্থিতি যেমন দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছে, তেমনি পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব, আড্ডা আর আন্তরিকতার গল্প আজও হয়ে আছে স্মৃতির অংশ।

সময়ের সঙ্গে পেশাগত ব্যস্ততা ও প্রবাসজীবন অনেক দূরত্ব তৈরি করলেও বন্ধুত্বের সেই পুরোনো টান যেন এখনো অটুট। সম্প্রতি তেমনই এক নস্টালজিক মুহূর্তের সাক্ষী হলো ঢালিউড।

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে নব্বই দশকের তিন জনপ্রিয় নায়কের আড্ডার গল্প। আর সেই আড্ডার আয়োজক ছিলেন ঢাকাই সিনেমার খলনায়ক হিসেবে তুমুল জনপ্রিয় মিশা সওদাগর।বর্তমানে প্রবাসজীবন কাটাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। তাকে ঘিরেই মূলত জমে ওঠে এই পুনর্মিলনের গল্প।

ওমর সানী জানান, বন্ধু অমিত হাসান দেশে ফেরার পর মিশা সওদাগর তাদের নিজের বাসায় আমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণেই একসঙ্গে মিলিত হন চলচ্চিত্রের পুরোনো বন্ধু ও সহকর্মীরা।

আড্ডার সেই মুহূর্তকে ঘিরে ওমর সানীর লেখাতেও ছিল পুরোনো দিনের উচ্ছ্বাস ও বন্ধুত্বের মায়া। রসিকতা করে তিনি জানান, তিনি ও আমিন খান দেশে থাকলেও অমিত হাসান এখন প্রবাসে। আর মিশা সওদাগরের ব্যস্ততা যেন অনেকটাই বিমানের যাত্রাপথ ঘিরে, দেশে-বিদেশে আসা-যাওয়ার সেই ব্যস্ততার কথাও মজার ছলে তুলে ধরেছেন তিনি।

তবে ব্যস্ততার ফাঁকে এমন একটি আড্ডা তাদের কাছে কতটা আনন্দের, সেটিই যেন ফুটে উঠেছে পুরো আয়োজনে। একসময় একই চলচ্চিত্রে অভিনয়, শুটিং সেটে দীর্ঘসময় একসঙ্গে কাটানো, সাফল্য-ব্যর্থতার নানা গল্প– সবকিছু মিলিয়ে তাদের বন্ধুত্ব পেরিয়েছে কয়েক দশকের পথ।

নব্বই দশকের সিনেমার দর্শকদের কাছেও তাই এই পুনর্মিলন নিছক কয়েকজন তারকার আড্ডা নয়, বরং এটি যেন ফিরে দেখা এক টুকরো সোনালি সময়। পর্দায় যাদের দেখে একসময় হলভর্তি দর্শক উচ্ছ্বসিত হতেন, তাদেরই ব্যক্তিগত জীবনের এমন আন্তরিক মুহূর্ত নতুন করে মনে করিয়ে দিল সেই সময়ের চলচ্চিত্রের উষ্ণতা ও তারকাদের পারস্পরিক বন্ধনের গল্প।

আরো..