https://www.a1news24.com
,

রাজাপুরে ১৫০ শিক্ষার্থীর এসএসসি ফরম পূরণের টাকা দিলেন যুবদল নেতা সোহেল

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে একটি মাদ্রাসাসহ নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম মল্লিকের হাতে অনুদানের টাকা তুলে দেন সোহেল। পরে তিনি বাকি আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের হাতে অনুদানের টাকা পৌঁছে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বরকতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জহিরুল হক সোহেল বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও লেখাপড়ায় উৎসাহিত করতে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণে সহযোগিতা করে আসছেন সোহেল। এ ছাড়া এলাকার উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

আরো..