টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য মাতবর আলী হোসেনের (৫৫) বাড়ীর প্রধান ফটকের সমানে খড় দিয়ে মুর্তি বা পুতুল বানিয়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনা জানিজানি হওয়ার পর কৌতুহলী গ্রামবাসী মুর্তি বা পুতুল দেখার জন্য ওই বাড়ীতে ভীর করছেন। অনেকে বলছেন আতঙ্ক বা ভয় সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এটা করে রেখেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। পরে প্রায় ১০ বছর যাবত বাড়ীতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপি রাজনীতি সমর্থন করেন। তবে কোনো ধরনের মিছিল মিটিংয়ের সাথে জড়ান না।
আলী হোসেন জানান, তার বাবা শিরিশগুড়ি গ্রামে সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামবাসী কোনো সমস্যা বা সম্ভাবনাময় কোনো আলোচনা হলে তাকেও ওইসব আয়োজনে ডাকেন এবং গ্রামের গণ্যমান্য ও মরুব্বিরা দায়িত্ব দিলে তিনি ছোটখাটো বিচার সাালিশও করেন। তিনি তিন মেয়ের জনক। তাদের প্রত্যেককে বিয়ে দিয়েছেন এবং তারা শ^শুরবাড়ীতে বসবাস করছেন। গ্রামের কারো সাথে তার বা পরিবারের কোনো সদস্যর মনোমালিন্য এবং ঝগড়া নেই। কারা বা কেনো এবং কি উদ্দেশ্যে আমার বাড়ীর সামনে এ ধরনের কাজ করছে তা তিনি ধারনা করতে পারছেন না।
বাড়ীর প্রধান ফটকের সমানে খড় দিয়ে মুর্তি বা পুতুল দেখে তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী দুইজন মানুষ এই বাড়ীতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেইটটা গোছাইতেই (খুলতেই) দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত এঁকে রাখছে। ওই বৃত্তের ভিতর ক্রস দিয়ে দুইটা দাগ দিয়ে রাখছে। ওই দাগের উপর খড় দিয়ে তৈরি মুর্তি বা পুতুল বানিয়ে রেখে দিছে। পুতুলকে কাফনের সাদা কাপড় পড়ানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেল কাটা পুতুলের বুকে গেঁথে রাখছে। সাদা কাপড়ে বুকের উপর সিঁদুর কালারের লাল রং দিয়ে রাখছে। চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখছে। পুতুলের বাম পা এবং বাম হাত বেঁধে রাখছে। পাশে গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ফেলে রাখছে। পুতুলের সাইটে আগরবাতি জ্বালাইছিল, পাশে আগরবাতির ছাই পড়ে রয়েছে বুঝা যায়। কারা বা কেনো আমার বাড়ীর সামনে এ কাজ করলো আমি বুঝতেছি না। আমার কারো সাথে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলতেছে এইডা একটা কুফরি, জাদুটোনা, কেউ বলতেছে শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরো বলেন, গত রাত ৮টার দিকে বাড়ীতে ঢুকে গেইট বন্ধ করে দিয়েছি। পরে আর বাড়ী থেকে বের হয়নি। আমার ছেলে নাই, তিনটা মেয়ে আমার। তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। তারা শ^শুড় বাড়ীতে থাকে। আমি বিএনপি সমর্থন করি তবে কোনো পদ বা মিছিল মিটিংয়ে যায় না। গ্রামের কারো সাখে কোনো বিবাদ নাই। সকাল থেকে এখনো লোকজন আসতেছে দেখার জন্য। উৎসুক মহিলাদের একজনে বললো কেউ শত্রুতামূলক এটা করছে। মাইরা ফালাইছে এমন ইঙ্গিত বুঝাইছে। আবার কেউ বলতেছে কুফরি করছে, জাদুটোনা বা বান মারছে। একজনের মুখে একেক কথা।
প্রতিবেশী শ্রীপুর সাবরেজিস্ট্রী অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন বিদেশ থেকে এসে দীর্ঘদিন যাবত বাড়ীতেই বসবাস করছে। আমার জানামতে তার কোনো শত্রু নাই। কারা কেনো এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল এঁকে রেখে গেছে বুঝতেছিনা।
প্রতিবেশী নারী সুফিয়া খাতুন (৬০) বলেন, জাদুটোনা করতে পারে। দেখ মনে হচ্ছে কেউ জাদুটোনা করার জন্য এটা করে রেখেছে যেনো ভয় পায়।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ একজন বলেন, গ্রামাঞ্চলে মানুষ সাধারণত সহজ সরল হয়। এ গ্রামের একজনের বাড়ীর সামনে এ ধরনের একটা পুতুল সদৃশ্য মূর্তি রেখে গেছে এটা দেখে সবাই আতঙ্কে রয়েছে।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে গেটের সামনে কে বা কারা এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পড়ানো একটি পুতুল সদৃশ্য মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে এক ধরনের আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। আসলে এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমি আপনার (সাংবাদিকের) মাধ্যমে এই মাত্র শুনলাম। আমি পুলিশ পাঠাচ্ছি ঘটনাস্থলে। তারা ফিরে আসলে বলেতে পারবো বিষয়টা আসলে কি।