https://www.a1news24.com
,

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে এবং অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক বিশ্ব জনসংখ্যার এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের (যা বিশ্ব জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ) তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল এই ৫০ বছরে ইসলাম ও খ্রিষ্টান দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে বৃদ্ধির হারে অনেক এগিয়ে থাকবে ইসলাম। এ সময়ে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে দাঁড়াতে পারে। অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২২৭ কোটি থেকে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে, যা মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যান্য প্রধান ধর্মগুলোর মধ্যে হিন্দু ও ইহুদিদের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় ধীরগতিতে বাড়বে। বিপরীতে বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন (ধর্মীয় পরিচয়হীন) এমন মানুষের সংখ্যা আগামী কয়েক দশকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গবেষণায় ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের ক্ষেত্রে পাঁচটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন ও অভিবাসন। গবেষকেরা জানান, অনেকের ধারণা ধর্ম পরিবর্তনই অনুসারী বাড়ার প্রধান কারণ; কিন্তু বাস্তবে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনসংখ্যাতাত্ত্বিক কারণ, বিশেষ করে জন্ম ও মৃত্যুহারের হিসাব।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে মাত্র ১ দশমিক ৬। জনসংখ্যাতত্ত্ব অনুযায়ী, কোনো জনগোষ্ঠীর বর্তমান সংখ্যা ধরে রাখতে হলে নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। এই উচ্চ জন্মহার ও কম বয়সকাঠামোর কারণেই ২০৭০ সালের মধ্যে কেবল জন্ম ও মৃত্যুর স্বাভাবিক হিসাবে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

গবেষণায় বলা হয়েছে, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে বর্তমানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই জনগোষ্ঠীর সংখ্যা ১২০ কোটি বাড়বে, যা বিশ্বজুড়ে মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশ।

তবে সর্বোচ্চ মুসলিম বসবাসের তালিকায় আগামী কয়েক দশকে বড় ধরনের রদবদল ঘটবে। ২০২০ সালে ২৩ কোটি ৯০ লাখ মুসলিম নিয়ে শীর্ষে ছিল ইন্দোনেশিয়া। কিন্তু ২০৭০ সালের অনেক আগেই দেশটিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে পারে পাকিস্তান। এই ৫০ বছরে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যেখানে ইন্দোনেশিয়ায় বাড়বে মাত্র ১৫ শতাংশ।

অন্যদিকে, তালিকার তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ভারত। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে। আর পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে নাইজেরিয়া; দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে বর্তমানের শীর্ষ দেশ ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।

২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের মধ্যে চারটিই থাকবে আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় নতুন করে জায়গা করে নেবে ইথিওপিয়া ও আফগানিস্তান, আর শীর্ষ ১০ থেকে বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। বিশেষ করে সুদানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাবে, যা দেশটিকে তুরস্কের চেয়েও এগিয়ে নেবে।

তবে পিউ রিসার্চ সেন্টার সতর্ক করে বলেছে, বর্তমানের জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির অপ্রত্যাশিত পরিবর্তন ঘটলে এই পরিসংখ্যানের চিত্র বদলে যেতে পারে।

আরো..