টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ইটালী প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকানে পুড়ে গেছে। অগ্নিকান্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে ইটালী প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসত ঘর, দুটি দোকানসহ বাড়ি কিনেন। ওইসব ঘর স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে এবং সামনের দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেয়া ছিল। সকালে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন ধরে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পেছনে থাকা বসত ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে। আগুনে প্রত্যকটি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। অগ্নিকান্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।