সংবাদ বিজ্ঞপ্তি-প্রোগ্রামিংয়ের চ্যালেঞ্জ, নতুন কিছু শেখার আনন্দ, প্রতিযোগিতার উত্তেজনা আর প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ—এমনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্ব। শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় দেড়শ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা অংশ নেয়।
প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘন্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার, ফার্স্ট রানার আপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানার আপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।
এর পাশাপাশি স্কুল ও কলেজ ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার, ফার্স্ট রানার আপ হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের রাফিয়া আনজুম ও সেকেন্ড রানার আপ হয়েছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাহিয়া আফরিন। বিজয়ীদের যথাক্রমে ত্রিশ হাজার, বিশ হাজার ও দশ হাজার করে প্রাইজ মানি ও বিজয়ী ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন তামান্না আক্তার বলেন, “ অনেক দিন পরে প্রোগ্রামিং কনটেস্টে অংশ নেয়ায় প্রথমে দিকে একটু নার্ভাস লাগছিল। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পর পুরো মনোযোগ চলে যায় সমস্যাগুলো সমাধান করার দিকে। সবচেয়ে ভালো লাগছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা এত মেয়ের সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে।”
সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল লাইস এম এস হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নোভা আহমেদ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারপারসন শাহনাজ পারভিন। আয়োজকদের মধ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন ও নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে সভাপতি জনাব মুনির হাসান উপস্থিত ছিলেন। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ে মেয়েদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ড. আবুল লাইস এম এস হক বলেন, “ আজকের এই প্রোগ্রামে এসে আমার জামিলুর রেজা চৌধুরীর কথা মনে পড়ছে। মেয়েরা আজ যারা অংশ নিয়েছে, তাদের এই চর্চা যেন এখানেই থেমে না যায়।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, কিছু কিছু অনুষ্ঠান আছে যেটা আয়োজন করতে পারলে খুবই ভাল লাগে। আজকের অনুষ্ঠানটি সেরকম একটি অনুষ্ঠান। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এরকম আয়োজনে তাদের নিজেদের ক্যাপাসিটিতে সব সময় সহযোগিতা করে থাকে। সামনেও এই ধরনের আয়োজন আরও হবে।
ড. নোভা আহমেদ বলেন, “ আমরা চাই, এ ধরণের প্রোগ্রামগুলো তোমরা তোমাদের নিজেদের এলাকায় ও ইউনিভার্সিটিতে আয়োজন করো। তাহলে মেয়েরা আরও বেশি অংশ নিতে পারবে।”
জাতীয় পর্বের আগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টিরও বেশি অনলাইন ও অফলাইন অ্যাক্টিভেশন, হাতে-কলমে প্রোগ্রামিং ক্যাম্প এবং প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৫০০-এর বেশি মেয়েকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিক অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রায় দুইশ জন প্রতিযোগী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
জাতীয় পর্বের প্রোগ্রামিং প্রতিযগিতার পর বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার ইন এআই এরা: অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারী পেশাজীবীরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা, প্রযুক্তির পরিবর্তন এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে মেয়েদের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নাসিমা বেগম, গ্রামীণফোন লিমিটেডের হেড অব এসএলএ গভর্ন্যান্স আইটি সোয়াইবা সারওয়াত সিনথিয়া, ডেল্টাচিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা কামরুন আহমেদ এবং ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট প্রধান (টেলিকম ও পিএইচপি-নোড-ক্লাউড) তাহমিনা খাতুন। আলোচনাটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।
আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে প্রযুক্তি খাতের পরিবর্তন, মেয়েদের জন্য তৈরি হওয়া নতুন কর্মসংস্থানের সুযোগ, ভবিষ্যতের প্রয়োজনীয় দক্ষতা এবং প্রযুক্তি পেশায় নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা উঠে আসে। শিক্ষার্থীরাও নিজেদের প্রশ্ন ও কৌতূহল নিয়ে আলোচনায় অংশ নেয়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এবং বিডিওএসএন-এর দীর্ঘদিনের #মিসিংডটার কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেয়েদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি নির্মাতা ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিডিওএসএন-এর ‘মিসিং ডটার’ উদ্যোগের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। কম্পিউটিং ও প্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণের ঘাটতি কমাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিডিওএসএন । বিডিজিপিসি ২০২৬ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মেয়েদের মধ্যে প্রোগ্রামিং চর্চা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তি নিয়ে আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা। একই সঙ্গে প্রতিযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও সহযোগিতার একটি কমিউনিটি গড়ে তোলার প্রত্যাশাও রয়েছে।
উল্লেখ্য, বিডিওএসএন এবং বিএফএফ এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কন্টেস্টের একাডেমিক পার্টনার হিসেবে ছিলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব ও রোবটিক্স ক্লাব এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত ছিলো রকমারি ডট কম, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।