প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন দেশে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের সঙ্গী ছিলেন সালেহ শিবলী। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন।
বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।সালেহ শিবলী জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
সম্মেলনের গুরুত্বপূর্ণ দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশের পাঁচ দফা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, এবার তুরস্ক সফরে গেছেন মাত্র ২১ জন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী যাওয়া-আসার সময় বিমানবন্দরে হাজার হাজার বা লাখো মানুষের সমাগমের প্রচলিত পরিস্থিতি থেকেও বেরিয়ে আসার কথা জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। সেখানে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।